19/09/2024
!!! উচ্চ মাধ্যমিকে আইসিটিকে ঐচ্ছিক করার চিন্তা !!!
--------------------------------------------------
“উচ্চ মাধ্যমিক স্তরে (এইচএসসি) বর্তমানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—সব বিভাগের শিক্ষার্থীদের জন্যই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) একটি বাধ্যতামূলক বিষয়। তবে সেটিকে ‘অপশনাল’ (ঐচ্ছিক) করার চিন্তাভাবনা চলছে। সম্প্রতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক সভায় আইসিটিকে ঐচ্ছিক করার বিষয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।”
- দৈনিক কালবেলা (১৯ সেপ্টেম্বর ২০২৪খ্রিস্টাব্দ)
খবরটিতে অনলাইন/অফলাইনে অনেকেই নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অংশীজনদের (বুদ্ধিজীবি, শিক্ষা বিশেষজ্ঞ, তথ্যপ্রযুক্তিবিদ, শিক্ষক, শিক্ষার্থী) মতামত গ্রহণ জরুরী বলে আমরা মনে করি।
বিশ্বায়নের এই যুগে উচ্চ মাধ্যমিক স্তরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে (আইসিটি) প্রাধান্য দিয়ে আবশ্যিক বিষয় হিসেবে রাখতে হবে।
এইচএসসি’র আইসিটি সিলেবাসটা দেখলে বুঝতে পারবেন, কি নেই এতে! কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি জগতের মৌলিক বিষয়বালী থেকে শুরু করে যাবতীয় terminology (পরিভাষা), কমিউনিকেশন সিস্টেম, নেটওয়ার্ক সিস্টেম, মোবাইল যোগাযোগ, কম্পিউটার ও মোবাইল টেকনোলজির বিভিন্ন প্রজন্ম (Generation), ব্লু-টুথ, ওয়াই-ফাই, ওয়াই-ম্যাক্স, স্যাটেলাইট। এছাড়াও এতে রয়েছে কম্পিউটার ডিজাইন ও আর্কিটেকচার, সংখ্যা পদ্ধতি, মেশিন লেভেলের (যান্ত্রিক) যাবতীয় খুঁটি-নাটি; ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট তৈরী; ডাটাবেজ ডিজাইন, ডাটাবেজ তৈরী।
কোন শিক্ষার্থী যদি উচ্চ মাধ্যমিকের আইসিটি বিষয়ের ৮০ শতাংশ শিখনফল অর্জন করে পাশ করে, তাহলে তার পক্ষে খুব সহজেই তথ্যপ্রযুক্তি ফিল্ডের যেকোন ক্যারিয়ার খুব সহজেই গড়া সম্ভব।
বর্তমানে বাংলাদেশের বেকার সমস্যা সমাধানে ফ্রিল্যান্সিং (মুক্ত পেশা) হতে পারে একটি চমৎকার সমাধান। লক্ষ লক্ষ বেকার জনগোষ্ঠীকে ফ্রিল্যান্সিং সম্পর্কে সচেতনতাসহ তাদেরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষিত করে গড়ে তোলা গেলে তারা নিজেদের ক্যারিয়ার নিজেরাই তৈরী করতে পারবে বলে আশা করা যায়। আর উচ্চ মাধ্যমিক স্তরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়টি তথ্য-প্রযুক্তি সেক্টরে দক্ষ জনবল সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে বিশ্বাস করেন তথ্য-প্রযুক্তি অঙ্গনের মানুষরা।
উন্নত বিশ্বে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি, Problem Solving, প্রোগ্রামিং (Coding) এর উপর ব্যাপক গুরুত্ব দেয়া হচ্ছে। সেখানে আমাদের দেশে উচ্চ মাধ্যমিক পর্যায়ে তথ্যপ্রযুক্তি বিষয়টিকে ঐচ্ছিক করা, বাদ দেয়া বা সিলেবাস কমানো কোন ক্রমেই সঠিক সিদ্ধান্ত হবে না।
তথ্য-প্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরীর প্রয়োজনীয় পদক্ষেপই হতে পারে আমাদের দেশের লক্ষ লক্ষ বেকারের স্ব-কর্মসংস্থানের একটি চমৎকার সমাধান।
সুতরাং সময় এসেছে, বিশেষ করে উচ্চ মাধ্যমিক স্তরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টিকে বিশ্ব ও বাংলাদেশের প্রেক্ষাপটে বেকার সমস্যা সমাধানের বিষয়টিকে মাথায় রেখে আরও আধুনিক এবং সময়োপযোগী করে প্রণয়ন পূর্বক শিক্ষার্থীদের শতভাগ শিখনফল অর্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
মো: হেলালুজ্জামান রিপন
বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
এমএসসি ইন কম্পিউটার সায়েন্স (জাবি)
#এইচএসসি #আইসিটি #এইচএসসিআইসিটি