13/05/2026
বাংলাদেশের কোল্ড স্টোরেজ সেক্টর দীর্ঘদিন ধরেই বহুমাত্রিক প্রতিকূলতার মধ্য দিয়ে পথচলা অব্যাহত রেখেছে। প্রজেক্ট ফাইন্যান্স ও ওয়ার্কিং ক্যাপিটাল সংকট, উচ্চ সুদহার, ব্যাংক ঋণসংক্রান্ত জটিলতা, সাপ্লাই-চেইন ডিসরাপশন, ডিস্ট্রিবিউশন মিসম্যানেজমেন্ট—সবকিছুর চাপ একসাথে বহন করেই এই শিল্প দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষিভিত্তিক অর্থনীতিকে সচল রাখার চেষ্টা করছে।
তবুও আমাদের লক্ষ্য স্পষ্ট। আমরা চাই কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত হোক। আমরা চাই মধ্যস্বত্বভোগীদের অযৌক্তিক দৌরাত্ম্য কমে আসুক। আমরা চাই দেশের সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে, নিরাপদ, মানসম্মত ও বাছাইকৃত খাদ্যপণ্য পৌঁছে যাক।
কিন্তু এই লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রয়োজন বাস্তবমুখী, সময়োপযোগী এবং পর্যাপ্ত নীতি সহায়তা—যেখানে অর্থায়ন কাঠামো, সুদহার, সংরক্ষণ অবকাঠামো, সরবরাহ ব্যবস্থাপনা এবং বাজার ব্যবস্থার মধ্যে একটি কার্যকর সমন্বয় প্রতিষ্ঠিত হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় এলজিআরডি মন্ত্রী, দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে আন্তরিক ধন্যবাদ। কোল্ড স্টোরেজ শিল্পের বিদ্যমান বাস্তবতা, সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো গুরুত্বের সাথে বিবেচনার জন্য আমরা কৃতজ্ঞ।
আপনার বিচক্ষণতা, দূরদর্শী নেতৃত্ব এবং নীতিগত সহায়তার প্রতি আমরা আস্থাশীল। দেশের কৃষি, খাদ্য সরবরাহ ব্যবস্থা এবং ভোক্তা স্বার্থ রক্ষায় একটি টেকসই ও কার্যকর কোল্ড-চেইন ইকোসিস্টেম গড়ে উঠবে—এটাই আমাদের প্রত্যাশা।
গতকাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় এলজিআরডি মন্ত্রী, দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ, জনাব মির্জা ফকরুল ইসলাম আলমগীর মহোদয়ের সাথে বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মোস্তফা আজাদ চৌধুরি বাবুর নেতৃত্বে এসোসিয়েশনের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে ।
এসময় অন্যান্যদের মধ্যে এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি জনাব ইশতিয়াক আহমেদ, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি জনাব রাজীব এইচ চৌধুরী, ঠাকুরগাঁও চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি জনাব আব্দুস সালাম হাওলাদার, এসোসিয়েশনের সিইও জনাব সুশান্ত কুমার প্রামাণিক, পরিচালক জনাব ফজলুর রহমান, পরিচালক জনাব গোলাম সারোয়ার রবিন ও পরিচালক জনাব তারিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন ।
এসোসিয়েশনের নেতৃবৃন্দ হিমাগার শিল্পের বিভিন্ন সমস্যা মন্ত্রী মহোদয়ের কাছে তুলে ধরলে তিনি গুরুত্ব সহকারে শুনেন এবং তাৎক্ষণিক সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করেন ।
বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন মন্ত্রী মহোদয় কে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছে এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছে ।