12/10/2025
উগান্ডার প্রথম প্রাইম-মিনিস্টার অ্যাপোলো মিল্টন ওবোটে তখন বিশ্ববিদ্যালয়ে পড়ছিলেন। জনৈক প্রফেসর─ পিটার্স─ চূড়ান্ত ঘৃণা করতেন ওবোটেকে।
একদিন, প্রফেসর পিটার্স ডাইনিং রুমে খাচ্ছিলেন। ওসময় মিল্টন ওবোটে তার খাবারের ট্রে নিয়ে এসে বসলেন প্রফেসরের পাশে। বিরক্ত প্রফেসর বলে উঠলেন─ "মিস্টার ওবোটে, আপনি হয়তো জানেন না যে, শুয়োর ও পাখি পাশাপাশি খেতে বসে না।"
ওবোটে তাকালেন বিরক্ত প্রফেসরের দিকে, তারপর শান্ত-কণ্ঠে বললেন─ "ঠিকাছে প্রফেসর, চিন্তা করবেন না, আমি উড়ে যাচ্ছি।"
ওবোটে উঠে গিয়ে অন্য টেবিলে বসলেন। ক্রোধে লাল হলেন প্রফেসর, এবং এই অপমানের শোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন।
পরদিন, ক্লাসে এসে, প্রফেসর পিটার্স এই প্রশ্নটি করলেন─ "মিস্টার ওবোটে, ধরুন আপনি রাস্তায় হেঁটে যাওয়ার সময় একটি বাকশো কুড়িয়ে পেলেন, ওটার ভিতরে দু'টি উপহার: টাকা এবং জ্ঞান; আপনি নিতে পারবেন যেকোনো একটি। কোনটি নিবেন?"
ওবোটে অকপটে জানালেন─ "অবশ্যই টাকা।"
পিটার্সের চোখেমুখে ফুটে উঠলো তাচ্ছিল্যের হাসি, ওবোটেকে বাগে পাওয়ার আত্মহারা আনন্দ─ "আপনার জায়গায় আমি হলে, জ্ঞানটাই নিতাম।"
ওবোটে নির্লিপ্ত─ "যার যা নেই, সে তো সেটাই নেবে।"
এই জবাবের পরিণাম হলো ভয়াবহ! মিল্টন ওবোটের পরীক্ষার খাতায় কোনো নাম্বার দিলেন না প্রফেসর পিটার্স, খাতার উপরে শুধু লিখে দিলেন একটি অক্ষর─ 'ইডিয়ট'।
কষ্ট পেয়েছিলেন মিল্টন ওবোটে। মেনে নিয়েছিলেন তার পরিশ্রমের মূল্য না-পাওয়ার এই স্নবারি। তিনি মেধাবী ছিলেন, ভদ্র ছিলেন, প্রতিবাদী, পরিশ্রমী তো ছিলেনই, এবং ছিলেন স্পষ্টবাদী ও অকল্পনীয় শান্ত-বুদ্ধির। খাতাটি হাতে নিয়ে উঠলেন তিনি, ধীরে হেঁটে গেলেন প্রফেসর পিটার্সের সামনে। পিটার্স এটার অপেক্ষায় ছিলেন, একটা হেস্তনেস্ত হয়ে যাক আজ, ঝামেলা বাঁধাক ওবোটে, তারপর শাস্তি দেওয়া যাবে দৃষ্টান্তমূলক।
সুস্থির, প্রশান্ত, প্রত্যুৎপন্নমতি অ্যাপোলো মিল্টন ওবোটে খাতাটি এগিয়ে ধরে ভদ্র-কণ্ঠে বললেন─ "মিস্টার প্রফেসর, আমার খাতার উপরে আপনি নিজের নামটি সাইন করেছেন, কিন্তু নাম্বার লিখে দিতে ভুলে গেছেন।"
এই একটি বাক্যের পর থেকেই, মিল্টন ওবোটেকে আর ঘাঁটাননি প্রফেসর পিটার্স।
হ্যাঁ, যুদ্ধ ব্রেইন দিয়ে করতে হয়, উইপন দিয়ে নয়।
Salah Uddin Ahmed Jewel
তথ্যসূত্র─ লিখক ও প্রফেসর ওজোক আইজ্যাক।