27/07/2026
অদ্য ২৭/০৭/২০২৬ খ্রি., বিকাল ৪:০০ ঘটিকায় বাসাইল জোনাল অফিসের উদ্যোগে নলগাড়া বাজারে গ্রাহক সচেতনতামূলক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ ছানোয়ার হোসেন, বাসাইল জোনাল অফিসের ডিজিএম জনাব মোঃ মহি উদ্দিন, এজিএম (সদস্য সেবা) জনাব তারিক বিন আব্দুল মান্নান, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শামীম আল মামুন, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক গ্রাহক।
বৈঠকে বিদ্যুৎ সেবার মানোন্নয়ন, গ্রাহক সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ও দায়িত্বশীল বিদ্যুৎ ব্যবহারের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বিদ্যুৎ জাতীয় সম্পদ। তাই বিদ্যুৎ চুরি প্রতিরোধে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কোনো ব্যক্তি বিদ্যুৎ চুরি করলে বা সন্দেহজনক কোনো কার্যকলাপ পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে পল্লী বিদ্যুৎ অফিসকে অবহিত করার আহ্বান জানানো হয়। একইসঙ্গে ট্রান্সফরমার চুরি প্রতিরোধে স্থানীয় জনগণের সার্বক্ষণিক নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করা হয়।
সভায় গ্রাহকদের সময়সীমার মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধের গুরুত্ব তুলে ধরা হয়। বিল নিয়মিত পরিশোধের মাধ্যমে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত সংযোগ বিচ্ছিন্নকরণ ও অন্যান্য জটিলতা এড়ানোর বিষয়ে সচেতন করা হয়।
বক্তারা বর্তমান জাতীয় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি ও লোডশেডিংয়ের বাস্তবতা সম্পর্কে গ্রাহকদের অবহিত করেন। পল্লী বিদ্যুৎ সমিতি জাতীয় গ্রিড থেকে প্রাপ্ত বিদ্যুৎ গ্রাহকদের মাঝে বিতরণ করে—এ বিষয়টি তুলে ধরে বিদ্যুৎ সাশ্রয় ও ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়।
এছাড়াও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহার, রাইট অব ওয়ে (Right of Way) সংরক্ষণ, নিরাপদ বিদ্যুৎ ব্যবহার, বন্যাকালে বিদ্যুৎ দুর্ঘটনা প্রতিরোধ এবং হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গ্রাহকদের মধ্যস্বত্বভোগী পরিহার করে সরাসরি অফিস থেকে সেবা গ্রহণ এবং সকল অর্থ লেনদেনে অফিসিয়াল রশিদ সংগ্রহের অনুরোধ জানানো হয়।
সভার প্রধান অতিথি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ ছানোয়ার হোসেন বিদ্যুৎ সেবার মানোন্নয়নে গ্রাহক ও পল্লী বিদ্যুৎ সমিতির পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিদ্যুৎ চুরি ও অপচয় রোধ, নিরাপদ বিদ্যুৎ ব্যবহার এবং সচেতন নাগরিক হিসেবে জাতীয় সম্পদ রক্ষায় সকলকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
পরিশেষে উপস্থিত গ্রাহকবৃন্দ বিদ্যুৎ সেবার মানোন্নয়নে পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন। শান্তিপূর্ণ ও আন্তরিক পরিবেশে গ্রাহক সচেতনতামূলক উঠান বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।