05/02/2026
কারিগরি উপবৃত্তি প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি
বিষয়: জানুয়ারি-জুন, ২০২৫ এবং জুলাই-ডিসেম্বর, ২০২৫ মেয়াদের উপবৃত্তি বিতরণ এবং অনিষ্পন্ন পেমেন্ট সংক্রান্ত জরুরি নির্দেশনা।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে জানুয়ারি-জুন, ২০২৫ এবং জুলাই-ডিসেম্বর, ২০২৫ মেয়াদের উপবৃত্তির অর্থ বিগত ২৭/০১/২০২৬ ও ২৯/০১/২০২৬ তারিখে ব্যাংক/মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (MFS)-এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে মর্মে সংশ্লিষ্ট ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান সুত্রে জানা যায়। অপরদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্যে জানা যায় যে, অনেক শিক্ষার্থী বিশেষ করে 'রকেট' অ্যাকাউন্ট ব্যবহারকারী কতিপয় শিক্ষার্থী উপবৃত্তির অর্থ পায়নি মর্মে অভিযোগ করেছেন। অর্থ মন্ত্রণালয়ের 'BACS' ও 'iBAS++' স্কিম হতে শিক্ষার্থীগণের পে-মেন্ট সংক্রান্ত রিপোর্ট (যা সাধারণত ১-২ মাস সময় সাপেক্ষ) পাওয়ার পরে সুনির্দিষ্ট তথ্য অনুসন্ধান করা সম্ভব হবে।
এ বিষয়ে শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধানগণকে নিম্নোক্ত নির্দেশনাগুলো অনুসরণের জন্য অনুরোধ করা হলো:
১. শিক্ষার্থী নির্বাচন ও তালিকা প্রদর্শন:
উপবৃত্তি প্রদানের ক্ষেত্রে পূর্ববর্তী পরীক্ষার ফলাফল, শ্রেণিতে উপস্থিতি এবং অভিভাবকের বার্ষিক আয়ের মানদণ্ড বিশ্লেষণ করে প্রতিষ্ঠান পর্যায় থেকেই নির্বাচিত যোগ্য শিক্ষার্থীদের তালিকা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে প্রদর্শনের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
২. অ্যাকাউন্ট ভালিডেশন ও পেমেন্ট সংক্রান্ত জটিলতা:
অর্থ মন্ত্রণালয়ের 'BACS' ও 'iBAS++' স্কিম কর্তৃক অ্যাকাউন্ট ভালিডেশন করার সময় অনেক শিক্ষার্থীর অ্যাকাউন্ট সংক্রান্ত জটিলতার (যেমন: অ্যাকাউন্ট ব্লক বা ভুল হিসাব নম্বর) কারণে পেমেন্ট সফল হয় না। 'BACS' ও 'iBAS++' স্কিম হতে উক্ত ব্লক ও বাউন্স রিপোর্ট প্রাপ্তির পর (যা সাধারণত ১-২ মাস সময় সাপেক্ষ) কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে তথ্য সংশোধনের জন্য পুনরায় অনলাইন ভিত্তিক DTE Stipend MIS পোর্টাল উন্মুক্ত করা হবে।
৩. প্রতিষ্ঠান প্রধানগণের প্রতি বিশেষ নির্দেশনা:
• পেমেন্ট সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের অহেতুক আতঙ্কিত না হতে এবং ধৈর্য ধারণ করতে পরামর্শ প্রদান করুন।
• পেমেন্ট ফেইল হওয়া শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত রাখুন যাতে পোর্টাল খোলার সাথে সাথে দ্রুত তথ্য সংশোধন করা যায়।
• উপবৃত্তি সংক্রান্ত সর্বশেষ তথ্য ও অধিদপ্তরের নির্দেশনা শিক্ষার্থীদের নিয়মিত অবহিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।
কারিগরি উপবৃত্তি কার্যক্রমকে স্বচ্ছ ও গতিশীল করতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
ধন্যবাদান্তে,
উপবৃত্তি সেল
কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা।