05/05/2026
বিষয়: সরকারি ক্রয় প্রক্রিয়ায় দরপত্রদাতাগণ কর্তৃক প্রস্তাবিত আর্থিক দর যথাযথরূপে মূল্যায়ন।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, ক্রয়কারী (Procuring Entity) কর্তৃক আহ্বানকৃত দরপত্রের বিপরীতে কতিপয় দরপত্রদাতা অত্যধিক নিম্নদরে বা নামমাত্র দরে দরপত্র দাখিল করছেন। ক্ষেত্রবিশেষে দাপ্তরিক প্রাক্কলিত ব্যয়ের তুলনায় আস্বাভাবিক নিম্নদরও (যেমন: ৫০%, ৬০%, ৯০% এমনকি ৯৯% পর্যন্ত) দাখিল হচ্ছে। স্বাভাবিক বাজার ধারণায় যৌক্তিকভাবে প্রণীত ব্যয়প্রাক্কলনের ক্ষেত্রে এ ধরনের দরপ্রস্তাব স্পষ্টতই বাস্তবতাবিবর্জিত এবং অগ্রহণযোগ্য। পিপিআর, ২০২৫ কার্যকর হওয়ার প্রেক্ষাপটে ক্রয়কারীগণের যাচিত একাধিক ঘটনা পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াকে প্রভাবিতকরত নির্দিষ্ট কোনো দরপত্রদাতাকে সফলকাম করার অভিপ্রায়ে কতিপয় দরপত্রদাতা পারস্পরিক যোগসাজসে এ ধরনের কৃত্রিম ও বাস্তবতাবিবর্জিত দর প্রদান করছেন। এ ধরনের প্রবণতার ফলে একদিকে যেমন প্রকৃত ও বাস্তবসম্মত দরপ্রদানকারী দরপত্রদাতাদের কাজ পাওয়ার সম্ভাবনা হ্রাস পাচ্ছে, অন্যদিকে সরকারি ক্রয়ে অত্যধিক নিম্নদরে চুক্তিসম্পাদনের ফলে কাজ বাস্তবায়নে ঝুঁকির সৃষ্টি হচ্ছে। সর্বোপরি তা পিপিআর, ২০২৫ এর বিধি ১৪৯-এ বর্ণিত 'চক্রান্তমূলক কর্মের' অন্তর্ভুক্ত, যা পেশাগত অসদাচরণের শামিল।
০২। উল্লেখ্য, কোনো দরপত্র প্রক্রিয়াকে অন্যায়ভাবে প্রভাবিত করার প্রচেষ্টা এবং এ বিষয়ে গৃহিতব্য ব্যবস্থার বিষয়ে পিপিআর, ২০২৫-এর বিধি ৪২ (২) ও (৩)-এর বিধান নিম্নরূপ:
"৪২। ক্রয় প্রক্রিয়া সংশ্লিষ্ট তথ্য প্রকাশে বাধা-নিষেধ, ইত্যাদি।-
(২) দরপত্রদাতা বা আবেদনকারী কোনোক্রমেই আবেদনপত্র, দরপত্র, আগ্রহ ব্যক্তকরণপত্র বা প্রস্তাবসমূহের পরীক্ষা ও মূল্যায়ন প্রক্রিয়া কোনোভাবে প্রভাবিত করিবার চেষ্টা করিবে না।
(৩) কোনো দরপত্রদাতা বা আবেদনকারী দরপত্র, কোটেশন, আবেদনপত্র, আগ্রহব্যক্তকরণপত্র বা প্রস্তাব মূল্যায়ন বা চুক্তিসম্পাদন সংক্রান্ত ক্রয়কারীর সিদ্ধান্ত প্রভাবিত করিবার চেষ্টা করিলে উক্ত দরপত্রদাতা বা আবেদনকারীর দরপত্র, আবেদন বা প্রস্তাব বাতিলক্রমে আইনের ধারা ৬৪ (৫)-এর অধীন ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।"
০৩। প্রনিধানযোগ্য যে, বিগত সময়ে পিপিআর, ২০০৮ অনুযায়ী অভ্যন্তরীণ কার্য ক্রয়ের ক্ষেত্রে ১০% মূল্যসীমা (Price Capping) প্রয়োগের ফলে সরকারি ক্রয়ে প্রতিযোগিতার মাত্রা মারাত্নকভাবে হ্রাস পাওয়ার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে দরপত্র মূল্যায়নে মূল্যসীমা (Price Capping) সংশ্লিষ্ট বিধান বাতিল করা হয়। ফলশ্রুতিতে পিপিআর, ২০২৫-এ উল্লেখযোগ্যভাবে কমমূল্যের (Significantly Low Priced Tender) দরপত্রসমূহকে তফসিল ১৮-তে উল্লিখিত প্রক্রিয়া অনুসরণ করে দরপত্রের গ্রহণযোগ্যতা নিরূপণ করা হচ্ছে। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত উত্তম চর্চার অভিযোজিত রূপ। পিপিআর, ২০২৫ কার্যকর হওয়ার পর এর ফলস্বরূপ সরকারী ক্রয়ে প্রতিযোগিতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধির বিষয়টি পরিলক্ষিত হচ্ছে
০৪। উপর্যুক্ত পরিস্থিতিতে সরকারি দরপত্রে কোনো দরপত্র মূল্য দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় অপেক্ষা অত্যধিক নিম্নদরে দাখিল হওয়ার ক্ষেত্রে যদি দরপত্র মূল্যায়ন কমিটির নিকট উক্ত দর/দরসমূহ অবাস্তব এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রদত্ত মর্মে প্রতীয়মান হয়, সেক্ষেত্রে পিপিআর, ২০২৫-এর বিধি ৪২(২)-এ উল্লিখিত নির্দেশনার আলোকে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াকে প্রভাবিত করার প্রচেষ্টা হিসেবে গণ্য করা সমীচীন। এরূপ কাজকে পিপিআর, ২০২৫-এর বিধি ১৪৯(২) (গ) অনুযায়ী 'চক্রান্তমূলক কর্ম' হিসেবে বিবেচনাপূর্বক দরপত্রদাতাদের বিষয়ে আবশ্যিকভাবে বিধি ১৪৯-এর সংশ্লিষ্ট উপবিধিসমূহ প্রতিপালনপূর্বক যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা বাঞ্ছনীয়।
০৫। সরকারি দরপত্র প্রক্রিয়াকে আরো দক্ষ এবং কার্যকর করার মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রয়ের পরিবেশ সৃষ্টিতে বিষয়টি অতিগুরুত্বপূর্ণ।