09/09/2026
জোয়ারের পানি নেমে গেছে অনেক আগেই, কিন্তু বাতাসে তখনও মিশে ছিল লবণের তিক্ত গন্ধ। শিউলি সরদার ঘুম থেকে উঠলেন সেই সূর্য ওঠার আগেই, যেমনটা তিনি বহু বছর ধরে উঠে আসছেন। দরজার পাশে রাখা দুটো খালি কলসি হাতে তুলে নিলেন।
পাশেই তখন জেগে উঠেছেন প্রতিভা সরদার। মাত্র দুই বাড়ির দূরত্বে বেড়ে ওঠা এই দুই নারী বছরের পর বছর একসাথে হেঁটেছেন দূরের সেই পুকুরপাড় পর্যন্ত, যেখানকার পানিতে তখনও লবণাক্ততার উপস্থিতি ছিলো না।
খুলনার এই উপকূলীয় জনপদে পানি আর লবণ যেন হাত ধরাধরি করে বাস করে। শুকনো মৌসুমে জোয়ারের পানি উজানে উঠে এলেই পুকুর আর নলকূপের পানিতে লবণাক্ততা বেড়ে যায়। যে পানি মানুষের তৃষ্ণা মেটানোর কথা, সেই পানিই মুখে রেখে যায় এক বুক তিক্ততা। এখানকার পরিবারগুলো অভ্যস্ত হয়ে গেছে নিত্যদিনের মাথাব্যথা, গোসলের পর ত্বকের চুলকানি, আর বছরের পর বছর লোনা পানি খেয়ে ঘরে ঘরে দানা বাঁধা উচ্চ রক্তচাপে।
শিউলি আর প্রতিভার কাছে এটাই ছিল প্রতিদিনের সকাল। সূর্য ঠিকমতো ওঠার আগেই, নাশতা তৈরি, চিংড়ির ঘের আর সবজি খেতের কাজে নামার আগেই থাকত সেই মাইলের পর মাইল হাঁটার ক্লান্তি। যাওয়ার সময় খালি কলসি, আর ফেরার সময় ভরা কলসি কাঁখে নিয়ে হাঁটতে হতো জোয়ারের পানিতে ভিজে থাকা পিচ্ছিল কর্দমাক্ত রাস্তায়।
শিউলি বলেন, "বাচ্চারা ঘুম থেকে ওঠার আগেই আমাদের বেরিয়ে পড়তে হতো। একটু দেরি হলে আর ভালো পানি পাওয়া যেত না, বাধ্য হয়ে যা পেতাম তা-ই খেতে হতো।"
তবে তাদের গ্রামে এখন এসেছে ক্লান্ত রাতের পর নতুন এক সকাল। এলাকায় বসেছে টেট্রার - RO প্লান্ট, যা পরিচালিত হচ্ছে স্থানীয় মানুষেরই ভালোবাসায় ও অংশগ্রহণে। এই প্ল্যান্ট শুধু লোনা পানি পরিশোধনই করে না, বরং 'ওয়াটার এটিএম'-এর মাধ্যমে নিশ্চিত করে, গ্রামের প্রতিটি পরিবার যেন তাদের প্রাপ্য বিশুদ্ধ পানিটুকু সহজে পেতে পারে কোনো বৈষম্য ছাড়াই।
আজও শিউলি আর প্রতিভা প্রতিদিন সকালে একসাথে হাঁটেন, তবে পথ এখন অনেক ছোট। আর কলসির পানি ফুটাতে হবে কি না, তা নিয়েও কোনো দুশ্চিন্তা নেই। দুজনের চলার পথে এখন গল্প হয় জীবন আর সংসারের ছোট ছোট আনন্দ নিয়ে - ছেলে-মেয়ের পরীক্ষা কিংবা চিংড়ির ফলন।
প্রতিভা মুখে মিষ্টি হাসি নিয়ে বলেন, "পানি আনার কাজটা এখনও করতে হয়, কিন্তু এটা আর আগের মতো কষ্টের নয়।"
তাঁদের পেছনে প্লান্টটি নিঃশব্দে সেবা দিয়ে চলে। যে সকালটা একসময় শুধুই পানির লাইনে আর কলসির ভারে হারিয়ে যেত, শিউলির ছোট মেয়েটা এখন সেই সকালে শান্তিমতো বইয়ের পাতা উল্টায়।